জ্বালানি তেলের দাম বাড়ার পর দূরপাল্লা ও নগর পরিবহনের বাস ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্র জানিয়েছে, বাড়তি ভাড়া শুধু ডিজেলচালিত সাধারণ বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
সরকার শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া নির্ধারণ করে না। একইভাবে ট্রাক, কাভার্ডভ্যানসহ পণ্যবাহী অন্যান্য যানবাহনের ভাড়াও সরকার ঠিক করে দেয় না। ফলে এসব যানবাহন ও এসি বাসের ক্ষেত্রে নতুন ভাড়াহার কার্যকর হবে না।
বিআরটিএ কর্মকর্তারা জানান, ৫২ আসনের বড় বাস ও ৩০ আসনের মিনিবাসের ভিত্তিতে নতুন ভাড়াহার নির্ধারণ করা হয়েছে। তবে দূরপাল্লার অনেক পরিবহনে ৫২ আসনের বাসের আসন কমিয়ে যাত্রীদের জন্য বেশি জায়গা রাখা হয়। ফলে এসব বাসে ভাড়ার তারতম্য হতে পারে।
এর আগে সোমবার বিআরটিএ দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। শেষ পর্যন্ত দুই ধরনের পরিবহনেই কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এর ভিত্তিতে নতুন ভাড়ার হার নির্ধারণ করা হবে।
গত এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর পর বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল।
সর্বশেষ ভাড়া বৃদ্ধির আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা ছিল। দূরপাল্লার পথে ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা।
তবে অনেক নন-এসি দূরপাল্লার বাসে আসনসংখ্যা কমিয়ে ৪০ বা তারও কম করা হয়েছে। এসব বাসে আসনপ্রতি তুলনামূলক বেশি ভাড়া নেওয়া হয়। এর সঙ্গে বিভিন্ন সেতু ও সড়কের টোলও যাত্রীদের ভাড়ার সঙ্গে যুক্ত হয়।



