হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত প্রাণহানি ১০৬৫

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতাল ভর্তি হয়েছে ১ হাজার ২৫৭ শিশু। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম-বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের মধ্যে ঢাকা বিভাগে একজন ও খুলনা বিভাগে একজন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী দেখা গেছে ঢাকা বিভাগে। এই বিভাগে ৪৬৭ জন সন্দেহজনক ও ৭৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯৫ জন। 

সবচেয়ে কম সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী রংপুর বিভাগে। এই বিভাগে ১৫ জন সন্দেহজনক হাম রোগী। তারা সবাই হাসপাতালে ভর্তি হয়েছে। 

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৬৪ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০১ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৬৫টি শিশু মারা গেছে। 

এছাড়া চলতি বছরে এ পর্যন্ত নিশ্চিত হামে ২০ হাজার ৭৩৮ জন এবং সন্দেহজনক হামে এক লাখ ৮২ হাজার ২৯২ জন আক্রান্ত হয়েছে।