Tuesday, September 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বাস্থ্যমন্ত্রী: সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন আর না

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি 

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘‘সরকারি হাসপাতালের সামনে আর কোনও ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না। বিগত সরকারের আমলে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে।’’  

বিএনপি সরকারের পরবর্তী পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ‘‘আমরা সরকারে আসার পর সিদ্ধান্ত নিয়েছি সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না, এটি টোটালি বন্ধ। আর বর্তমানে যেগুলোর অনুমোদন রয়েছে সেগুলো যদি যথাযথভাবে কার্যক্রম পরিচালনা না করে, তবে তাও বন্ধ করে দেওয়া হবে।’’ 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  

ডেঙ্গু রোগ ও রোগী প্রসঙ্গে তিনি বলেন, ‘‘প্লাজমা লিকেজ এড়াতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জ্বর কমে যাওয়ার পরের চারদিন গুরুত্ব দিয়ে হাসপাতাল অবজারভেশনে রাখতে হবে। রোগীরা চলে যেতে চাইলেও যেতে দেওয়া যাবে না। প্রয়োজনে সিকিউরিটি দিয়ে হাসপাতালের গেট বন্ধ রেখে রোগীকে অবজারভেশনে রাখতে হবে।’’ 

তিনি আরও বলেন, ‘‘ডেঙ্গু সম্পূর্ণ একটি মশাবাহিত রোগ। পৃথিবীতে এর আলাদা কোন চিকিৎসা নেই। নির্দিষ্ট একটি চিকিৎসা প্রটোকল রয়েছে সে চিকিৎসা প্রটোকল দেশের সকল উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা হয়েছে।’’  

মন্ত্রী বলেন, ‘‘ডেঙ্গুর প্রধান চিকিৎসা হচ্ছে স্যালাইন। প্রয়োজনীয় সে স্যালাইন প্রত্যেকটি উপজেলায় ও কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখা হয়েছে।’’ চিকিৎসার কোন কিছু অভাব হবে না বলে আশ্বস্ত করেন তিনি।

এর আগে, তিনি গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উপস্থিত ছিলেন। 

   

About

Popular Links

x