হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭০টি শিশু। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম-বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

চলতি বছরের গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৭৫ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০১ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৭৬ শিশু মারা গেছে। 

এছাড়া, ২৪ ঘণ্টায় ১১৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৫৭। এই সময়ে ১ হাজার ৬৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১০২ শিশু। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৪৪৯, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৮৫১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৬২ হাজার ৪৮ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।