রোগীদের প্রলোভন দেখিয়ে ক্লিনিকে নিয়ে প্রতারণা, ৭ দালালের কারাদণ্ড

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগী ও তাদের স্বজনদের প্রতারণা ও হয়রানির অভিযোগে দালাল চক্রের সাত সক্রিয় সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃতদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের বহির্বিভাগে এসআরবি-৫ এর সদস্যরা বিশেষ গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। পরবর্তীতে পরিচালিত নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন: সুজন পলান, মো. সানি, বাবু দাশ, আহমদ আলী, মোসা. সিমা, তৌহিদা তানজিম ও মোছা. রিনা পারভিন।

এসআরবি-৫ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রামেক হাসপাতালের বহির্বিভাগ ও আশপাশের এলাকায় সক্রিয় থেকে উত্তরাঞ্চল ও দক্ষিণবঙ্গ থেকে আসা রোগীদের টার্গেট করত। দ্রুত চিকিৎসাসেবা, কম খরচে পরীক্ষা-নিরীক্ষা কিংবা অ্যাম্বুলেন্স পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা রোগীদের ফুসলিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে প্রতারণা করত।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার জানান, সাধারণ মানুষ অনেক আশা নিয়ে এখানে চিকিৎসা নিতে আসেন। কিন্তু একটি অসাধু চক্র রোগীদের ভুল বুঝিয়ে অনৈতিকভাবে টাকা আদায় করছে এবং নিঃস্ব করে দিচ্ছে, এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এসআরবি-৫-এর উপঅধিনায়ক মেজর মঞ্জুরুল কবির পিয়াল জানান, রোগী ও স্বজনদের হয়রানি বন্ধে এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের দালালবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।