কক্সবাজারের উখিয়া উপকূলে সমুদ্রসৈকত থেকে তিনজনের অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে এরা থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উখিয়ার মনখালী সমুদ্রসৈকতে দুটি মরদেহ ভেসে আসে। কিছুটা দূরে মাদারবনিয়া পয়েন্টে পাওয়া যায় আরও একটি মরদেহ। স্থানীয়দের খবরে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এখনো কারও পরিচয় শনাক্ত করা যায়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় একটি ট্রলার ডুবে যায়। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া মরদেহগুলো ওই ট্রলারেরই নিখোঁজ যাত্রীদের।
ওসি আরও জানান, ট্রলারডুবির পর দুজনের মরদেহ ও ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। তবে আরও কয়েকজন তখন থেকেই নিখোঁজ ছিলেন।
উদ্ধার হওয়া তিনটি মরদেহ ময়নাতদন্তসহ পরবর্তী প্রক্রিয়ার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত এবং আইনি প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।