ফরিদপুরে অবৈধভাবে কারখানা চালিয়ে যৌন উত্তেজক ওষুধ, বেবি জেলসহ বিভিন্ন সামগ্রী তৈরির দায়ে এনসিপির জেলা কমিটির এক নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মো. বায়েজিদ হোসেন শাহেদ (৪০) এনসিপির ফরিদপুর জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তিনি আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় থাকেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো জানান, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে গোয়ালচামট এলাকায় শাহেদের মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজ কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তাকে কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত কর্তৃপক্ষ জানায়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে কারখানাটি অবৈধভাবে চলছিল। সেখানে শিশুদের বেবি জেল ও বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধসহ বিপুল পরিমাণ আয়ুর্বেদিক ওষুধ তৈরি হতো। অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার ও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে এনসিপির ফরিদপুর জেলা কমিটির সদস্যসচিব সাইফ হাসান খাঁন বলেন, "অন্যায়ের সঙ্গে আমাদের আপস নেই। দলীয় কোনো সদস্য অন্যায় করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খোঁজ নিয়ে কেন্দ্রে জানানো হবে।"