খুলনা মহানগরীর করিমনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে এক বিউটিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ করিমনগর মসজিদ লেনের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত ওই নারীর নাম মনি খান। তার স্বামী হোসাইন রশিদ খানসহ করিমনগর মসজিদ লেনের একটি বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানায়, ঘরের দরজা বন্ধ রেখেছিলেন মনি খান। বুধবার সাড়াশব্দ না পেয়ে এবং ঘরের দরজা বন্ধ দেখে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন পরিবারের সদস্যরা।
খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
মরদেহ সুরতহাল ও ময়নাতদন্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে তার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বৃহস্পতিবার ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।