ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা-ডিবি) মো. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘‘রাকিবুল হাসানের বিরুদ্ধে আজ ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে পুলিশ। এরপর তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়।’’
এর আগে, রাকিবুল হাসান রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ওসি থাকা অবস্থায় গত ১৬ সেপ্টেম্বর রাতে সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে তার কথোপকথনের একটি অডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে, অডিওটি নিয়ে আলোচনা শুরু হলে রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করা হয়। তাকে ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে রাজধানীর রাজারবাগে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটিও গঠন করে ডিএমপি।
এরপরে, রাকিবুল হাসানকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছিলেন। তবে পরদিন (১৮ সেপ্টেম্বর) ডিবি প্রধান শফিকুল ইসলাম তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার কথা অস্বীকার করেন।
এরপর এই এক সপ্তাহ রাকিবুল হাসান কোথায় ছিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাকিবুলকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের কথা জানালেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।