রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবেক (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, আজ রাত ৯টার দিকে রাকিবুল হাসানকে আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় রাকিবুলকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের একাধিক সূত্র জানায়, মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ধারা ১২৪ (ক) এর অভিযোগ আনা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে রাকিবুলকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়। ওই অডিওতে সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য শোনা যায়। তবে রাকিবুলের দাবি, অডিওটি তার নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।