রাজধানীর জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। শ্যামপুর থানার এসআই মো. কামাল হোসেন জানান, বিকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মরদেহটি নারী না পুরুষের তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক ধারণা অনুযায়ী এটি আনুমানিক ১৬ বছর বয়সী কোনো কিশোরের মরদেহ হতে পারে।
এসআই কামাল হোসেন বলেন, “নিহতের পরনে হাফপ্যান্ট ও টি-শার্ট থাকলেও শরীর অর্ধগলিত হওয়ায় কাপড়ের রঙ শনাক্ত করা যায়নি। মাথার অংশ কঙ্কালে পরিণত হয়েছে এবং কপালে ফাটা চিহ্ন পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে আঘাতজনিত কারণেই তার মৃত্যু হতে পারে। শরীরের বাকি অংশও অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে রশি ও চুল সংগ্রহ করেছে পুলিশ।
পরিচয় শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।