রাজধানীর শনির আখড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পঞ্চম তলা থেকে পড়ে জোসনা বেগম (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এলাকার ২৪ ফুট রাস্তার ৮ নম্বর সড়কে অবস্থিত “সাফা টাওয়ার” নামের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
ভবনের নিরাপত্তাকর্মীরা জানান, জোসনা পঞ্চম তলার লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর সোয়া ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী রাজমিস্ত্রি মো. ইউনুস জানান, ভবনে ময়লা ফেলার কাজ করতেন জোসনা। দুপুর সাড়ে ১২টার দিকে নামাজ ও খাবারের বিরতিতে নিচে নামার সময় নিরাপত্তাকর্মীর মাধ্যমে তিনি জোসনার দুর্ঘটনার খবর জানতে পারেন।
নিহতের স্বামী মধু মিয়া জানান, জোসনার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন থানার শান্তিপুর গ্রামে। পরিবার নিয়ে তিনি শনির আখড়ার গোবিন্দপুর নূর মসজিদ এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।



