সাবেক স্ত্রীর বিয়ের প্রতিশোধ নিতে নিজ ছেলেকে হত্যা করলেন বাবা, আদালতে স্বীকারোক্তি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্যবাগ্যা গ্রামে সাবেক স্ত্রীর অন্যত্র বিয়ে হওয়ার প্রতিশোধ নিতে নিজের সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তার খলিলুর রহমান (৪০) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হামিদুল ইসলামের সামনে নিজ সন্তানকে হত্যার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

এর আগে গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে একই এলাকার একটি ধানখেতের পাশ থেকে উদ্ধার করা হয় মাদ্রাসাপড়ুয়া কিশোর নাঈমের (১৪) মরদেহ। শুক্রবার সকালে যৌথ অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের হাজীরহাট পালকি বাজার থেকে খলিলুর রহমানকে গ্রেপ্তার করে র‍্যাব ও পুলিশ। একই দিন সকালে নিহতের মা ফাতেমা আক্তার সুমি বাদী হয়ে সাবেক স্বামীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

জানা যায়, প্রায় তিন বছর আগে নাঈমের বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে সে নানার বাড়িতে থেকে চরজব্বর ইউনিয়নের দারুল উলুম মাদানী নগর মাদ্রাসায় পড়াশোনা করত। গত সোমবার রাতের খাবার খেয়ে নানার বাড়িতেই ঘুমিয়ে ছিল নাঈম। পরদিন সকালে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ধানখেতের পাশে পাওয়া যায় তার মরদেহ।

স্বজনদের বরাতে জানা যায়, গত মাসে নাঈমের মা সুমি আক্তার দ্বিতীয় বিয়ে করেন, এরপর থেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন নাঈমের বাবা খলিলুর রহমান এবং বিভিন্নভাবে সাবেক স্ত্রীকে হুমকি দিতে থাকেন। পরে ওই ক্ষোভ থেকেই ছেলেকে নানার বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন তিনি।

চরজব্বর থানার ওসি রফিকুল ইসলাম জানান, হত্যার পর কৌশলে আত্মগোপনে চলে যান খলিলুর রহমান, তবে পরদিন সন্তানের জানাজায়ও অংশ নেন। তার সন্দেহজনক আচরণ ও গতিবিধি লক্ষ্য করে পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করে। পরে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।