রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলীর সই করা ওই আদেশে তাকে প্রত্যাহার করা হয়।
এই আদেশে বলা হয়েছে, ‘প্রশাসনিক কারণে’ জাহাঙ্গীর আলমকে ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনার দুই দিন পর এই পদক্ষেপ নেওয়া হলো।
এর আগে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
পরে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগে বলা হয়, দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে স্বাস্থ্যকেন্দ্রটিতে। এসময় নগদ টাকা বিভিন্ন ওষুধ ও সামগ্রী, আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ, এসি ও স্টিলের আলমারি লুট করেন তারা।
পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দিয়ে জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’র সাইনবোর্ড টানিয়ে চলে যান।
পরে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানান, এই ঘটনার সঙ্গে পুলিশের কোনো অবহেলা বা ব্যর্থতা ছিল কি না তা তারা খতিয়ে দেখছেন। এরপরই সংশ্লিষ্ট থানার ওসি পরিবর্তনের বিষয়টি সামনে এলো।