খুলনার আলোচিত এরশাদ সিকদারের অন্যতম সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৭ বছর আত্মগোপনে থাকা আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে এসআরবি ৬ ও এসআরবি ৮ এর যৌথ আভিযানিক দল।
রবিবার (২৭ সেপ্টেম্বর) এসআরবি ৬ এর অধিনায়ক লে কর্নেল নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৬ সেপ্টেম্বর দিনগত রাত ১০টা ৫০ মিনিটের দিকে এসআরবি ৬, সদর কোম্পানি, এসআরবি ৮ ও সদর কোম্পানির যৌথ আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকা থেকে রূপসা থানার চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করে। গ্রেপ্তার জয়নাল সরকার বরিশাল জেলার গৌরনদী থানার বংকুরা গ্রামের বাসিন্দা।
জানা যায়, ১৯৯৯ সালে খুলনার রূপসা থানার একটি হত্যা মামলায় আসামির বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে আসামি দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



