শ্রীমঙ্গলে দোকানে ঢুকে পড়া গন্ধগোকুল উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি দোকানঘর থেকে অক্ষত অবস্থায় একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। পরে প্রাণীটিকে নিরাপদ আশ্রয়ের জন্য বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার রোডের রিপা মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্যবসায়ী সুবল দাশ তার দোকান খোলার সময় হঠাৎ একটি গন্ধগোকুল ভেতরে ঢুকে পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাদের প্রচেষ্টায় গন্ধগোকুলটিকে অক্ষত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে প্রাণীটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, কোথাও কোনো বন্যপ্রাণী আটকা পড়লে, কিংবা আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ বনবিভাগে খবর দিন অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানোর অনুরোধ করা হয়েছে।