মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় পুলিশের অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা পাওয়া গেছে। তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন,“দুষ্কৃতিকারীরা জায়গা দখল করতে গিয়েছিল। এ ঘটনায় সংক্ষিপ্ত তদন্ত হয়েছে। আমরা জানতে পেরেছি এ ঘটনায় ওসির দায়িত্বে অবহেলা ছিল।”
ওসির সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্পর্ক থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।
এসময় তিনি রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নতুন সৃজনশীল স্টুডিও ‘ব্রাউনফিশ’-এ হামলা, ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা নিয়েও কথা বলেন।
তিনি বলেন, “ভাঙচুর হয়েছে। আমি এটা ভিডিওতে দেখলাম। এই বিষয়ে তার পক্ষ থেকেও কোনো মামলা করা হয়নি।”
তবে এ হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগকে ঢালাও বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জাসদ কার্যালয়ে অভিযানের বিষয়েও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “আওয়ামী লীগের নেতা-কর্মী জড়ো হয়েছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।”
“কাউকে হয়রানি করার উদ্দেশ্যে এটা করা হয়নি”, বলেও জানান তিনি।
শনিবার ঢাকার গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনকে হেফাজতে নেয় পুলিশ। পরে এরমধ্য থেকে ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়।