সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট: মামলার অন্যতম আসামি মিজানুর গ্রেপ্তার

রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার অন্যতম আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খাঁন।

তিনি জানান, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়। ওই মামলায় এজাহারভুক্ত ৯ নম্বর আসামি মিজানুর রহমান। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাট শুরু হয়, যা চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে একপর্যায়ে পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

ওই রাতে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।