চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মো. মেহেদী হাসান (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি ৫। এ সময় তার সহযোগী মো. আল-মামুন (৪০) পালিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি ৫।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের শ্যামপুর ইউনিয়নের ওমরপুর হঠাৎপাড়া এলাকায় মেহেদী হাসানের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মেহেদী ওই এলাকার বাসিন্দা। পলাতক আল-মামুনও একই এলাকার বাসিন্দা।
এসআরবি ৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী সদর কোম্পানির একটি দল মেহেদীর বাড়ি ঘেরাও করে অভিযান চালায়। এ সময় মেহেদীকে আটক করা সম্ভব হলেও তার সহযোগী আল-মামুন পালিয়ে যান। পরে মেহেদীকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সামনে খড়ি রাখার ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআরবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী বিক্রির উদ্দেশ্যে হেরোইনগুলো নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। তিনি ও পলাতক আল-মামুন দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে হেরোইন সংগ্রহ করে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় গ্রেপ্তার মেহেদী হাসান ও পলাতক আল-মামুনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।