চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে তিনজন রোগী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সরকারি হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগের ছাদের একটি অংশ হঠাৎ খসে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
আহত রোগীরা হলেন রফিকুল ইসলাম (৭০), আকতার হোসেন (৮০) এবং আবুল খায়ের (৪৫)। তাদের মধ্যে আবুল খায়ের গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের দ্রুত আলাদা স্থানে সরিয়ে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ভবনটি পুরোনো হওয়ার কারণে এর আগেও শিশু ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। বর্তমান ঘটনায় পুরুষ ওয়ার্ডের রোগীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। অনেকেই হাসপাতাল ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন। রোগী ও তাদের স্বজনরা দ্রুত এই ঝুঁকিপূর্ণ অবস্থার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
খবর পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান তাৎক্ষণিকভাবে ওয়ার্ডটি পরিদর্শন করেন এবং আহত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।
তিনি জানান, হাসপাতালের ধারণক্ষমতা ২৫০ শয্যা হলেও বর্তমানে সেখানে প্রায় ৬০০ রোগী চিকিৎসাধীন রয়েছে। যা পুরো অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। নতুন ভবনের নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আগেই আবেদন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে মেরামতের কাজ করা হচ্ছে।