শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পেতে পারেন। মাঝের একটি কর্মদিবস ছুটি ঘোষণা করা হলে এ সুযোগ তৈরি হবে। বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় দুই দিন ছুটি নির্ধারিত আছে। আগামী ২০ অক্টোবর নবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর দশমী উপলক্ষে সাধারণ ছুটি। এরপর ২২ অক্টোবর, বৃহস্পতিবার অফিস খোলা থাকার কথা। তার পরের দুই দিন, ২৩ ও ২৪ অক্টোবর, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
অর্থাৎ পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মাঝখানে একদিনের কর্মদিবস পড়ছে। এ কারণে ২২ অক্টোবরও ছুটি ঘোষণার বিষয়টি বিবেচনা করছে সরকার। তা হলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি অনুবিভাগ) মো. মোস্তফা জামান বলেন, “দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে ২২ অক্টোবর বাড়তি ছুটি দেওয়ার চিন্তা করছে মন্ত্রণালয়। তবে এই ছুটির বিনিময়ে পরবর্তী কোনো এক শনিবার অফিস খোলা রাখতে হবে। এ বিষয়ে একটি প্রস্তাব আগামী মন্ত্রিসভার বৈঠকে পাঠানো হবে। বৈঠকে অনুমোদন পেলে একদিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।”