মিয়ানমার ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার এ সতর্কবার্তা দেওয়া হয়।
অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় এসব জেলায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ কারণে ওই এলাকাগুলোর কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে, পাশাপাশি ভূমিধসের ঝুঁকিও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।
নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর, বঙ্গোপসাগরের একাংশ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।