রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় পুলিশের চেকপোস্টে মাসুম (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কোমর থেকে একটি ধারালো দেশীয় চাপাতি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বসিলা এলাকায় স্থাপিত চেকপোস্টে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, তিন যুবক রিকশায় করে যাচ্ছিলেন। চেকপোস্টে পুলিশ সংকেত দিলে তারা রিকশা থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় মাসুমকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে কোমর থেকে চাপাতিটি উদ্ধার করা হয়। বাকি দুজন পালিয়ে যান।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনাটি নিশ্চিত করে জানান, বসিলা চেকপোস্ট থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় আর কারা জড়িত, তাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।