Tuesday, September 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

গোয়ালঘরের পাশে গাছে ঝুলছিল হাত-পা বাঁধা প্রবাসীর মরদেহ

কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির গোয়ালঘরের পাশে গাছে ঝুলন্ত অবস্থায় হাত-পা বাঁধা এক সিঙ্গাপুরপ্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকার সরকারবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভৈরবে নিহত রুকন উদ্দিন (যুবক) কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকার বাসিন্দা। গত ২১ আগস্ট ছুটিতে তিনি দেশে আসেন।

নিহতের বাবা সাত্তার মিয়া জানান, রুকন সিঙ্গাপুরের একটি কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। সম্প্রতি তিনি সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছিলেন। দেশে ছুটি কাটিয়ে ফিরে ওই পদে যোগ দেওয়ার কথা ছিল তার।

তিনি জানান, বন্ধুদের সঙ্গে কক্সবাজারে ঘুরতে যাওয়ার জন্য কেনাকাটা করতে রুকন তার কাছে ১০ হাজার টাকা চেয়েছিলেন। তিনি টাকা দেওয়ার পর সোমবার ভৈরব শহরে বন্ধুদের সঙ্গে কেনাকাটাও করেন রুকন।

নিহতের মা অনুফা বেগম জানান, মঙ্গলবার ভোরে বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাওয়ার কথা ছিল রুকনের। রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন তিনি। রাত ১টার দিকেও ছেলেকে ফোনে কারও সঙ্গে কথা বলতে শুনেছেন।

নিহতের বোন উম্মে হাবীবা অভিযোগ করেন, রাতে তার ভাইকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। পরে তার মোবাইল ফোন থেকে সিমকার্ডও খুলে নেওয়া হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা রুকনকে হত্যার পর হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে রেখেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x