গাজীপুরের টঙ্গীতে জয় (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে ছিলেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতের ওই সময়ে বাসায় ফিরছিলেন জয়। এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে জয়কে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর পাঠায়। ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ পড়ে থাকেত দেখে পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তাৎক্ষণিকভাবে ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি এবং বা এর কারণ জানাতে পারেনি পুলিশ। তবে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তারা। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) নূর আলম হোসেন।



