জাপানে মাস্টার্স ও ডক্টরাল পর্যায়ে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ‘হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন’। এ বৃত্তির আওতায় মাসে সর্বোচ্চ ২ লাখ ৩০ হাজার ইয়েন, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা দেওয়া হবে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
জাপানের নাগরিক ছাড়া বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৭ সালের এপ্রিল থেকে জাপানে গ্র্যাজুয়েট পর্যায়ের পড়াশোনা শুরু করতে যাওয়া শিক্ষার্থীদের পাশাপাশি একই বছরের শরৎকালীন ভর্তি নেওয়া শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা
- মাস্টার্স প্রোগ্রামের আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে এবং ডক্টরাল প্রোগ্রামের ক্ষেত্রে বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- আবেদনকারীদের পড়াশোনা শেষে নিজ দেশে অবদান রাখার দৃঢ় ইচ্ছা থাকতে হবে। একইসঙ্গে আন্তর্জাতিক বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আগ্রহ থাকতে হবে।
- জাপানি ভাষায় মৌলিক কথোপকথনের সক্ষমতা থাকতে হবে। বাছাইপ্রক্রিয়ার সাক্ষাৎকার জাপানি ভাষায় অনুষ্ঠিত হবে।
বৃত্তির সুযোগ-সুবিধা
এক বা দুই বছরের ডিগ্রি প্রোগ্রামের জন্য মাসে ২ লাখ ৩০ হাজার ইয়েন (প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা), তিন বছরের প্রোগ্রামের জন্য ২ লাখ ১০ হাজার ইয়েন (প্রায় ১ লাখ ৬৪ হাজার টাকা)। চার বা পাঁচ বছরের প্রোগ্রামের জন্য মাসে ১ লাখ ৮০ হাজার ইয়েন (প্রায় ১ লাখ ৪১ হাজার টাকা) দেওয়া হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের সময় শিক্ষার্থীর ছবি, দুই মিনিটের গবেষণা পরিকল্পনা-সংক্রান্ত ভিডিও, স্নাতক পর্যায়ের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, গবেষণা প্রস্তাব, তত্ত্বাবধায়কের সুপারিশপত্র এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির বা গ্রহণপত্র জমা দিতে হবে। গবেষণা প্রস্তাবে গবেষণার বিষয়, নিজ দেশের উন্নয়নে গবেষণার সম্ভাব্য অবদান এবং গবেষণা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে অর্জনের বিষয় উল্লেখ করতে হবে। চাইলে ৩০ সেকেন্ডের আত্মপরিচিতিমূলক ভিডিওও জমা দেওয়া যাবে।
আবেদন ও বাছাই
https://entry.hisf.or.jp/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। প্রাথমিক বাছাইয়ের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৩১ জানুয়ারি ২০২৭। এরপর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার ৯ ফেব্রুয়ারি ২০২৭ টোকিওতে অথবা ভিডিও কলের মাধ্যমে নেওয়ার কথা রয়েছে। চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৩১ মার্চ ২০২৭।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬।
আবেদনের পদ্ধতি ও আবেদনের সব তথ্য পেতে এখানে ক্লিক করুন।



জাপানে উচ্চশিক্ষা: কীভাবে আবেদন করবেন, কোথায় পাবেন স্কলারশিপ?
জার্মানির ড্যাড ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রাম, জেনে নিন আবেদনের যোগ্যতা