Sunday, November 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

থাইল্যান্ডে বিনা খরচে মাস্টার্স-পিএইচডি, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির রয়েল থাই গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় পড়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৬ এএম

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা খরচে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে থাইল্যান্ড সরকার। এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) মাধ্যমে রয়েল থাই গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় এ বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের যোগ্য শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থাইল্যান্ডের ব্যাংকক থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। প্রতিষ্ঠানটি উচ্চশিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে টেকসই উন্নয়নে কাজ করে।

আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৭। এ বৃত্তির আওতায় ২০২৭ সালের আগস্ট সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বৃত্তির ধরন

রয়েল থাই গভর্নমেন্টের অর্থায়নে এআইটিতে কয়েক ধরনের বৃত্তি দেওয়া হচ্ছে। পিএইচডি প্রোগ্রামের জন্য রয়েছে হিজ ম্যাজেস্টি দ্য কিংস স্কলারশিপ। স্নাতকোত্তর পর্যায়ে রয়েছে হিজ ম্যাজেস্টি দ্য কিংস স্কলারশিপ, হার ম্যাজেস্টি দ্য কুইনস স্কলারশিপ এবং লুম নাম খং পিজাই (জিএমএস) স্কলারশিপ।

সুযোগ-সুবিধা

পিএইচডি বৃত্তির আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি, রেজিস্ট্রেশন ফি, আবাসন এবং জীবনযাত্রার খরচ দেওয়া হবে। ৪১ মাস বা সাত সেমিস্টারের পুরো সময়ের জন্য এ সুবিধা প্রযোজ্য। একজন শিক্ষার্থীর জন্য বৃত্তির আনুমানিক মূল্য ১৯ লাখ ৬০ হাজার থাই বাত।

অন্যদিকে, স্নাতকোত্তর বৃত্তির আওতায় টিউশন ফি, আবাসন এবং জীবনযাত্রার খরচ দেওয়া হবে। ২২ মাসের পুরো প্রোগ্রামের জন্য এ সুবিধা প্রযোজ্য। এক্ষেত্রে একজন শিক্ষার্থীর জন্য বৃত্তির আনুমানিক মূল্য ১১ লাখ থাই বাত।

যোগ্যতা

পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ও দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। উভয় পর্যায়ে সিজিপিএ ৪-এর মধ্যে অন্তত ৩.৫ অথবা সমমানের ফল থাকতে হবে।

স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদনের জন্য স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ক্ষেত্রে সিজিপিএ ৪-এর মধ্যে অন্তত ৩.৫ অথবা সমমানের ফল থাকতে হবে।

উভয় প্রোগ্রামের আবেদনকারীদের ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। আইইএলটিএস পরীক্ষায় ওভারঅল ও রাইটিং - উভয় বিভাগে অন্তত ৬.০ স্কোর অথবা এআইটি ইংলিশ এন্ট্রান্স টেস্টে অন্তত ৬.০ পেতে হবে। পিএইচডি প্রোগ্রামের জন্য আরও প্রয়োজন হবে দুটি সুপারিশপত্র এবং গবেষণা প্রস্তাব।

প্রয়োজনীয় নথিপত্র

  • একাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট

  • ইংরেজি ভাষা দক্ষতার সনদ

  • দুটি সুপারিশপত্র (পিএইচডির ক্ষেত্রে)

  • গবেষণা প্রস্তাব (পিএইচডির ক্ষেত্রে)

  • অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এআইটির অনলাইন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। এ বৃত্তির জন্য আলাদা কোনো আবেদনপত্র পূরণ করতে হবে না। আবেদনের স্টেটমেন্ট অব পারপাসে (SOP) বৃত্তির জন্য আগ্রহের বিষয়টি উল্লেখ করতে হবে। চাইলে আলাদা ফাইল তৈরি করেও সেটি আবেদন পোর্টালে আপলোড করা যাবে।

আবেদন ও বিস্তারিত তথ্য জানতে এআইটির অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন।

সরাসরি আবেদন করতে এআইটির অনলাইন অ্যাডমিশন পোর্টালে প্রবেশ করুন।

   

About

Popular Links

x