Wednesday, November 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

হার্ভার্ডে এক বছরের ফেলোশিপ, আবেদন করতে পারবেন যারা

এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো বৈশ্বিক স্বাস্থ্য খাতে নারীদের নেতৃত্ব বিকাশ ও ক্ষমতায়ন নিশ্চিত করা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম

বৈশ্বিক স্বাস্থ্য খাতে নারীদের নেতৃত্ব বিকাশ ও ক্ষমতায়নের লক্ষ্যে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে লিড (LEAD) ফেলোশিপের আবেদন আহ্বান করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এক বছর মেয়াদি এ ফেলোশিপে অনলাইন প্রশিক্ষণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে ছয় সপ্তাহ সরাসরি অংশ নেওয়ার সুযোগ থাকবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউট এবং হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গ্লোবাল হেলথ অ্যান্ড পপুলেশন বিভাগ যৌথভাবে এ ফেলোশিপের আয়োজন করছে। মূলত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর পেশাজীবীদের জন্য এ কর্মসূচি চালু করা হয়েছে।

ফেলোশিপের সময়সূচি ও কার্যক্রম

২০২৭ সালের ১ সেপ্টেম্বর শুরু হবে এ ফেলোশিপ। ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত চলবে কর্মসূচি। এ সময় ১২ মাসের অনলাইন পাঠক্রমে অংশ নিতে হবে ফেলোদের। পাশাপাশি ২০২৮ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের কেমব্রিজে ছয় সপ্তাহের আবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

ফেলোশিপে অংশগ্রহণকারীরা ব্যক্তিগত নেতৃত্ব বিকাশের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ পাবেন। এছাড়া হার্ভার্ডের শিক্ষকদের পরিচালিত বিশেষ কোর্স ও মাস্টারক্লাসে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

ফেলোশিপের সুযোগ-সুবিধা

এ কর্মসূচিতে নির্বাচিত ফেলোদের জন্য যেসব সুবিধা দেওয়া হবে - 

  • যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার বিমানভাড়া

  • কর্মসূচি চলাকালে আবাসনের ব্যবস্থা

  • জে-১ ভিসার ফি

  • যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় জীবনযাত্রার ব্যয় মেটানোর ভাতা

আবেদনের যোগ্যতা

লিড ফেলোশিপে আবেদনের জন্য প্রার্থীদের যেসব যোগ্যতা থাকতে হবে - 

  • সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে

  • প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার পর সংশ্লিষ্ট পেশায় অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষার্থী থাকাকালে অর্জিত কাজের অভিজ্ঞতা এ ক্ষেত্রে গণনা করা হবে না

  • নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে এবং ভবিষ্যতে নেতৃত্বের দক্ষতা আরও বিকাশের সম্ভাবনা থাকতে হবে

  • যুক্তরাষ্ট্রের জে-১ ভিসা পাওয়ার যোগ্য হতে হবে এবং ২০২৮ সালের এপ্রিলে ছয় সপ্তাহ কেমব্রিজে অবস্থানের সুযোগ থাকতে হবে

  • আবাসিক কর্মসূচিতে অংশ নিতে নিজ প্রতিষ্ঠান থেকে ছুটি বা সমমানের বিরতির ব্যবস্থা থাকতে হবে

  • ফেলোশিপের মেয়াদে অন্য কোনো পূর্ণকালীন ফেলোশিপে অংশ নেওয়া যাবে না

বিভিন্ন অঞ্চল, পেশা, শিক্ষাগত শাখা ও খাতের প্রার্থীরা আবেদন করতে পারবেন। সব লিঙ্গপরিচয়ের মানুষের জন্যই এ আবেদন উন্মুক্ত। তবে প্রার্থীকে নিজেই আবেদন করতে হবে।

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের প্রথমে হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফেলোশিপের যোগ্যতা ও আবেদনের নির্দেশনা ভালোভাবে পড়ে নিতে হবে। এরপর নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় 

আগ্রহী প্রার্থীরা ১৫ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। সময়টি যুক্তরাষ্ট্রের ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী নির্ধারিত।

হার্ভার্ডের লিড ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

   

About

Popular Links

x