Thursday, November 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মিশরের আল-আজহার ইনস্টিটিউটে পড়ার সুযোগ

এই ইনস্টিটিউটে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২৪টি বৃত্তির সুযোগ রয়েছে

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আল-শরিফ ইনস্টিটিউটে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২৪টি বৃত্তির সুযোগ রয়েছে। এর মধ্যে স্নাতক পর্যায়ে ১৮টি এবং স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে ছয়টি বৃত্তি দেওয়া হবে। এসব বৃত্তির জন্য আবেদন শুরু হয়েছে ৩ নভেম্বর। আবেদন করা যাবে ১৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। 

আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। অনলাইনে আবেদনের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রের হার্ড কপি জমা দিতে হবে ১৮ নভেম্বর বেলা সাড়ে ৩টার মধ্যে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় অবস্থিত মিসরের দূতাবাস থেকে পাঠানো নির্দেশনা ও গাইডলাইন অনুসরণ করে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে লিখিতভাবে বৃত্তির জন্য আবেদন করতে হবে।

আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র

বৃত্তির জন্য আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের আরবি ভাষার প্রাথমিক জ্ঞান থাকতে হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আরবি ভাষায় দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া আবেদন করতে যেসব কাগজপত্র লাগবে -

  • সর্বশেষ শিক্ষাগত সনদ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে জমা দিতে হবে।
  • জন্মনিবন্ধনের মূল কপি জমা দিতে হবে। এতে আবেদনকারীর মায়ের নাম ও জাতীয়তা উল্লেখ থাকতে হবে। সনদটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে।
  • আবেদনকারীর সাম্প্রতিক তোলা ছয় কপি ছবি।
  • কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকা মূল পাসপোর্ট।
  • সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সত্যায়িত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  • আবেদনকারীর শারীরিক ও মানসিক সুস্থতার বিষয় উল্লেখ করে চিকিৎসকের দেওয়া মেডিক্যাল সার্টিফিকেট। এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে।
  • পিসিআর পরীক্ষায় নেগেটিভ ফলাফলের সনদ সত্যায়িত করে জমা দিতে হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে। ৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনপত্র পূরণের সময় মিসরের দূতাবাসের প্রকাশিত গাইডলাইন অনুসরণ করতে হবে।

অনলাইনে আবেদন সম্পন্ন হলে পূরণ করা আবেদন ফরমের প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এসব কাগজপত্রের মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র, পাসপোর্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আরবি ভাষায় দক্ষতার সনদ এবং সংশ্লিষ্ট অন্যান্য নথি।

হার্ড কপিতে আবেদন জমা দিতে হবে বাংলাদেশ সচিবালয়ের ২ নম্বর গেটসংলগ্ন অভ্যর্থনা কক্ষে নির্ধারিত বাক্সে। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত কাগজপত্র জমা দেওয়া যাবে। হার্ড কপি জমার শেষ সময় ১৮ নভেম্বর ২০২৬, বেলা সাড়ে ৩টা। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও আবেদন জমা দিলে তা বিবেচনা করা হবে না।

আবেদনের খামের ওপর প্রেরক ও প্রাপকের নাম-ঠিকানা, আইডি বা ট্র্যাকিং নম্বর এবং আবেদন করা প্রোগ্রামের নাম উল্লেখ করতে হবে।

প্রাপকের ঠিকানা: উপসচিব, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা, কক্ষ নম্বর ১৭০৬, ভবন নম্বর ৬, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

আবেদনকারীদের জন্য বিশেষ নির্দেশনা

প্রার্থী বাছাইয়ে আরবি ভাষায় দক্ষতার সনদকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া যারা ইতোমধ্যে অন্য কোনো সরকারি বৃত্তির জন্য মনোনীত হয়েছেন, তাদের এ বৃত্তিতে আবেদন না করার অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃত্তিসংক্রান্ত নির্দেশনা ও আবেদনপ্রক্রিয়ার বিস্তারিত জানতে মিসরের দূতাবাসের প্রকাশিত গাইডলাইন দেখুন।

   

About

Popular Links

x