দেশের উত্তরের জনপদ পঞ্চগড়ে এরইমধ্যে অনুভূত হতে শুরু করেছে শীত। মধ্যরাতের পর বাড়ছে ঠান্ডার অনুভূতি। ভোরের প্রকৃতিতে দেখা মিলছে কুয়াশা ও শিশিরের। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু আর উত্তরের হিমেল বাতাস জানান দিচ্ছে, দুয়ারে কড়া নাড়ছে শীত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে, সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা জানান, বর্ষার আমেজ পুরোপুরি কাটতে না কাটতেই মধ্যরাত থেকে কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে। ভোরে দেখা মিলছে কুয়াশা ও শিশিরের। ঘাসের ডগায় জমে থাকা স্বচ্ছ শিশির বিন্দু, চারপাশে কুয়াশার আবরণ আর উত্তরের হিমেল বাতাস- সবকিছুতেই মিলছে ঋতু পরিবর্তনের আগাম বার্তা। হিমালয়ের পাদদেশে অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের অনুভূতি শুরু হয় অপেক্ষাকৃত আগেভাগেই।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন,“শীত মৌসুমে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। মৌসুমের বেশিরভাগ দিনেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই জেলায় রেকর্ড হয়ে থাকে। অনেক সময় তাপমাত্রার পারদ নেমে আসে এক অঙ্কের ঘরে।”



