খেলনা ঘোষণায় আমদানি, কাস্টমসে ধরা পড়ল প্রায় কোটি টাকার ১,৯৮০ ড্রোন

রিচার্জেবল রিমোট কন্ট্রোল (আরআরসি) খেলনা ঘোষণা দিয়ে আমদানি করা প্রায় এক কোটি টাকা মূল্যের ১ হাজার ৯৮০ পিস ড্রোন আটক করেছে ঢাকা কাস্টম হাউজ আইসিডি, কমলাপুর।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জানায়, চকবাজারের মিম কালেকশন নামের একটি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের খেলনা ঘোষণায় চালানটি আমদানি করে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর চালানটির কায়িক পরীক্ষা করা হয়। এ সময় ঘোষণার সঙ্গে অসঙ্গতি পাওয়া যায় এবং ৬৫৮ কেজি ওজনের ১ হাজার ৯৮০ পিস ড্রোন শনাক্ত হয়।

চালানটি ২০২৬ সালের ২৭ সেপ্টেম্বর বিল অব এন্ট্রি নম্বর-১২৩৬৭ এর মাধ্যমে আমদানি করা হয়েছিল। এতে পণ্য হিসেবে আরআরসি খেলনা ঘোষণা করা হয়।

এনবিআর জানায়, আটক ড্রোনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট রাজস্ব ও প্রযোজ্য জরিমানা আদায় করা হবে। পাশাপাশি ড্রোনগুলোর উড্ডয়নসীমা ও সংশ্লিষ্ট দলিলপত্র যাচাই করা হবে। যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কাস্টমস আইন, ২০২৩ ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানায় কর্তৃপক্ষ।

ঢাকা কাস্টম হাউজ আইসিডির কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন বলেন, “এনবিআর চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আমদানি নীতিমালা পরিপন্থী পণ্য আমদানি ও রাজস্ব ফাঁকি রোধে কাস্টম হাউজ আইসিডি, ঢাকা কঠোর অবস্থানে রয়েছে।”