কলেজে টিকটক নিষিদ্ধ, অমান্য করলেই ব্যবস্থা

ফেনীর দাগনভূঞা উপজেলার সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের টিকটক ভিডিও তৈরি নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে এ নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুলকুতের রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। পরে বিজ্ঞপ্তিটি কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজে ভর্তি হওয়া সব বর্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসে কোনো ধরনের টিকটক ভিডিও তৈরি করতে পারবেন না। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কলেজ কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের আগে ক্যাম্পাসে টিকটক ভিডিও তৈরি বন্ধে লিখিত আবেদন জানিয়েছিলেন কলেজ ছাত্রদলের নেতারা। তাদের অভিযোগ, কিছু শিক্ষার্থী কলেজের ইউনিফর্ম পরা অবস্থায় ক্যাম্পাসে টিকটক ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন। এতে কলেজের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুলকুতের রহমান বলেন, "আমরা অনানুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের কলেজে ফোন না আনার জন্য উৎসাহিত করি। কিন্তু বর্তমানে অনেক শিক্ষার্থী ফোনে অতিরিক্ত সময় দিচ্ছে। তাদের পড়াশোনামুখী করতে এবং ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখতে টিকটক ভিডিও তৈরি নিষিদ্ধ করা হয়েছে।"