পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভূরাজনীতি, প্রযুক্তি, অর্থনীতি, জলবায়ু  ও সুশাসনসহ সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’- এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩ অক্টোবর) ঢাকায় শুরু হওয়া পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলন ৩ থেকে ৫ অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সুরক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রাতিষ্ঠানিক সংস্কার, বিনিয়োগ, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, তরুণদের কর্মসংস্থান, কৃষি, পানি ও পরিবেশ সুরক্ষা, রোহিঙ্গা সংকট এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক আঞ্চলিক সহযোগিতাসহ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার তুলে ধরেন।

সংলাপ, অংশীদারিত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এবারের সংলাপের প্রতিপাদ্য ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচার্স: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন’। অর্থাৎ, পুনর্লিখিত এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার নতুন পথচলা।

গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের বিস্তারিত তুলে ধরেন সিজিএসের সভাপতি ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমান।

সে সময় তিনি জানান, এবারের সংলাপে ১০০টির বেশি দেশের প্রায় দেড় হাজার প্রতিনিধি অংশ নেবেন।

আয়োজকরা আরও জানান, এবারের অনুষ্ঠানে প্রায় ২০০ জন বক্তা থাকবেন। সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা এবং মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এতে অংশ নেবেন।