শুক্রবার (২ অক্টোবর) রাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য পারমাণবিক জ্বালানির প্রথম চালান ঢাকায় পৌঁছেছে। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি সরবরাহের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
ইউরেনিয়াম বহনকারী বিশেষ চার্টার্ড ফ্লাইটটি রাত ১১টা ৪৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে পৌঁছানোর পরই জ্বালানি খালাসের প্রক্রিয়া শুরু হয়। রূপপুর প্রকল্পের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও জ্বালানি গ্রহণকারী দলের সদস্য এ তথ্য জানিয়েছেন। খালাস শেষে শনিবার (৩ অক্টোবর) ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় জ্বালানি পাবনার রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হচ্ছে।
জ্বালানি বহনকারী গাড়িবহরের চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা-পাবনা মহাসড়কেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, বহর চলাচলের সময় মহাসড়কের একটি লেন যান চলাচলের জন্য ফাঁকা রাখা হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, রূপপুরের প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি চাহিদা মেটানো এবং দ্বিতীয় ইউনিট চালুর প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে রাশিয়া থেকে নয়টি ফ্লাইটে পারমাণবিক জ্বালানি আনা হবে।
পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরের মধ্যে ২০০টির বেশি জ্বালানি অ্যাসেম্বলি দেশে আসার কথা রয়েছে।



