Wednesday, September 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে ভোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

পল্টনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক ওই যুবককে ধাক্কা দেয়

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ এএম

ভোর বেলা রাজধানীর পল্টন এলাকায় গাজী শপিং কমপ্লেক্সের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মিজানুর হাওলাদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান নীরব জানান, পরীক্ষা করে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন।

নিহত মিজানুরের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার করপুরকান্ধী গ্রামে। তার বাবার নাম মফিজুর হাওলাদার।

এসআই জাহিদ হাসান বলেন, ভোরের দিকে ঘটনাস্থলে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির ট্রাক ওই যুবককে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এসআই আরও জানান, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, মিজানুর কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনাস্থলে কেউ তার নাম-পরিচয় জানাতে পারেননি। পরে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।

মিজানুরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

   

About

Popular Links

x