দেশের সব মোটরসাইকেল ও গাড়ির মালিক-চালকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

আগামী ২৯ অক্টোবর পর্যন্ত জরিমানা ছাড়া মোটরযানের যাবতীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বাড়িয়েছে সরকার।

গত ১ সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো অতিরিক্ত জরিমানা বা সারচার্জ দেওয়া ছাড়া কেবল মূল কর ও ফি পরিশোধ করে সব ধরনের যানবাহনের কাগজপত্র হালনাগাদ করা যাবে। 

এই সুবিধার আওতায় যানবাহনের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ করার সুযোগ পাবেন চালক ও মালিকরা।

গ্রাহকদের সুবিধার্থে এটিই শেষ সুযোগ এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই সব প্রক্রিয়া শেষ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।