মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুতিদের ড্রোন হামলার নিন্দা জানালো ঢাকা

সৌদি আরবের মদিনা নগরীর তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুতিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

রবিবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র মসজিদে নববীতে সেবা দেওয়া গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এ ধরনের ইচ্ছাকৃত হামলা ইসলামের অন্যতম পবিত্রতম স্থানের পবিত্রতার ওপর অনাকাঙ্ক্ষিত আঘাত। সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দেশটির সরকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিঘ্নিত করে, এমন যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ড বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

মদিনায় সৌদি আরবের তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে এই হামলার জন্য সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের দায়ী করেছে।

জোটের দাবি, হামলায় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রটির একটি ট্রান্সফরমার অকেজো হয়ে পড়ে। তবে এর ফলে সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় তেমন কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছে তারা।

হামলার অভিযোগ অবশ্য সরাসরি অস্বীকার করেছে হুতি গোষ্ঠী। তাদের পক্ষ থেকে এ ধরনের কোনো হামলা চালানোর কথা অস্বীকার করা হয়েছে।