আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতার আগে দলটির পক্ষ থেকে অতীতের অপরাধের স্বীকৃতি ও অনুতাপ প্রকাশ জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবারে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, ‘‘দেশে এখনও আওয়ামী লীগের সমর্থক রয়েছেন। তারা দেশের নাগরিক। তাদের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া খারাপ কোনো ধারণা নয়। তবে এর জন্য একটি মৌলিক ভিত্তি প্রয়োজন।’’
তিনি আরও বলেন, ‘‘যে রাজনৈতিক দল অপরাধ করেছে, তাদের সেই অপরাধের স্বীকৃতি ও এ নিয়ে অনুতাপ থাকতে হবে। অপরাধের স্বীকৃতি ও অনুতাপের পরই সমঝোতার প্রশ্ন আসে।’’
৫ আগস্টের পর আওয়ামী লীগের অবস্থান নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘‘সমঝোতার প্রয়োজনীয়তা নিয়ে তারা অনেক আলোচনা করেছেন। কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ বা দলটির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে অপরাধ স্বীকার বা অনুতাপের কোনো ইতিবাচক অবস্থান দেখা যায়নি।’’
আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে সমঝোতা শুরুর প্রয়োজনীয় মৌলিক জায়গাটি নিশ্চিত করা গেলে এ নিয়ে আলোচনা হতে পারে বলে ভাষ্য তার।