অবশেষে নিজের গড়া শিল্পগোষ্ঠীর বড় তিন কোম্পানির নেতৃত্ব থেকে বাদ পড়লেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।
বুধবার (৭ অক্টোবর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় সালমান এফ রহমানকে বাদ দিয়ে নতুন পর্ষদের অনাপত্তি দেওয়া হয়েছে। কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকে তাকে সরিয়ে দেওয়ার পর এবার গ্রুপের বাকি দুই বড় কোম্পানি বেক্সিমকো লিমিটেড (বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি) ও শাইনপুকুর সিরামিকসের পর্ষদ থেকেও বাদ পড়লেন তিনি।
এ দুই কোম্পানিতে চেয়ারম্যান হিসেবে আগের মতোই থাকছেন তার বড় ভাই সোহেল এফ রহমান (আহমেদ সোহাইল ফসিহুর)।
পুঁজিবাজারে তালিকাভুক্ত এ তিন প্রতিষ্ঠানেই ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সালমান এফ রহমান।
বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, "বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।"