Sunday, November 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

উপদেষ্টা তিতুমীর: অতীতে পরিসংখ্যান ছিলো ‘মিথ্যাচারের হাতিয়ার’ 

‘নৌ শুমারিতে দেশে ইঞ্জিনচালিত নৌকার সংখ্যা দেখানো হয় ১৩ হাজার, কিন্তু প্রকৃত সংখ্যা ২ লাখ ৬৭ হাজার’ 

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

অতীতের সরকারের আমলে প্রকৃত চিত্র আড়াল করে পরিসংখ্যানকে ‘মিথ্যাচারের হাতিয়ার’ হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রকৃত পরিস্থিতি তুলে ধরার পরিবর্তে তথ্য বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। 

অতীতের পরিসংখ্যান জালিয়াতির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘‘তৎকালীন সরকারের আমলে নৌ শুমারিতে দেশে ইঞ্জিনচালিত নৌকার সংখ্যা দেখানো হয়েছিল মাত্র ১৩ হাজার। কিন্তু পরবর্তী অনুসন্ধানে প্রকৃত সংখ্যা পাওয়া গেছে ২ লাখ ৬৭ হাজার।’’ 

রবিবার (৮ নভেম্বর) জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য ‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান-টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’। 

তিতুমীর বলেন, ‘‘অতীতের শাসনামলে পরিসংখ্যানকে মিথ্যাচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। তথ্য বিকৃতি ও কৃত্রিম পরিসংখ্যান তৈরির এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে জাতীয় তথ্যব্যবস্থায় তিনটি বড় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।’’ 

তিনি আরও বলেন, ‘‘অতীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা বণ্টনেও ব্যাপক অনিয়ম ছিল। প্রকৃত সুবিধাভোগীরা বাদ পড়েছেন, অন্যদিকে অযোগ্য ব্যক্তিরা সরকারি সহায়তা পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনা সভায়ও সঠিক তথ্যের অভাব এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির তালিকায় এ ধরনের অনিয়মের বিষয়টি উঠে আসে।’’ 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। 

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে  সভাটি আয়োজন করা হয়। 

   

About

Popular Links

x