রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে বাসা থেকে জোর করে নিয়ে যাওয়ার ঘটনায় একটি রিহ্যাব সেন্টারের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়। এ সময় ব্যবহৃত হাতকড়াটি জব্দ করা হয়।
আটক রিহ্যাবিলিটেশন সেন্টারের দুই কর্মী হলেন, মো. জসিম উদ্দিন ওরফে পলাশ (৪৭) এবং মো. আমিনুর ইসলাম (৪২)।
জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিটের মধ্যে মোহাম্মদপুর থানার স্যার সৈয়দ রোডের একটি বাসায় ৪ থেকে ৫ জন ব্যক্তি প্রবেশ করেন। তারা ওই ফ্ল্যাটের মালিককে (৬৩) হাতে হাতকড়া পরিয়ে জোর করে নিচে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান। বিষয়টি নিয়ে ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
পরে পুলিশ অনুসন্ধান করে জানতে পারে, হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার পরিবারের সদস্যরা পৃথক স্থানে বসবাস করেন। সম্প্রতি চিকিৎসার জন্য উত্তরার একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে নেওয়ার ব্যবস্থা করেন তার ছোট ভাই।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম সংবাদমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, এর আগেও ২০১১ সালে ওই ব্যক্তিকে রিহ্যাবিলিটেশন সেন্টারে দেওয়া হয়। ঘটনার পর উত্তরা পশ্চিম থানার মাধ্যমে খোঁজ নিয়ে সিপার মোস্তফাকে লাইটহাউজ রিহ্যাবিলিটেশন সেন্টারে নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।