২২ বছর কারাবন্দী থাকার পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রায় ২২ বছর বন্দী থাকার পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সুলতান হাওলাদার (৬৪) মারা গেছেন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুলতান হাওলাদার বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু ইউসুফ জানান, একটি হত্যা মামলায় ২০০৪ সালে আদালত সুলতান হাওলাদারকে মৃত্যুদণ্ড দেন। এরপর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

তিনি বলেন, “সুলতান হাওলাদার হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।“

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম অনুযায়ী তার মৃত্যুর পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। এরপর ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা জানান, সুলতান হাওলাদার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন। তবে মামলাটির বিস্তারিত তথ্য বর্তমানে কারা কর্তৃপক্ষের কাছে নেই। এ কারণে কোন হত্যা মামলায় তার মৃত্যুদণ্ড হয়েছিল, তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।