প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন, পেলেন সচিবের মর্যাদা

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এই নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে কাজ করবেন তিনি।

নিয়োগের শর্তে বলা হয়েছে, গিয়াস উদ্দিনকে অন্য কোনো পেশা, ব্যবসা, কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সব ধরনের কর্ম-সম্পর্ক ছাড়তে হবে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত, অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে এ দুইয়ের মধ্যে যেটি আগে ঘটবে, তত দিন তিনি এ পদে বহাল থাকবেন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।