অভিযান শেষে বাসায় ফেরার পথে পুলিশ পরিদর্শক ছুরিকাঘাতে আহত

খুলনা জেলা পুলিশের সন্ত্রাস দমনে স্পেশাল ড্রাইভ অভিযান শেষে বাসায় ফেরার পথে নগরীতে এসে পুলিশ পরিদর্শক শাহ আলম ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। 

খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুল ও কেএমপি সদর দপ্তরের মাঝে ৯ অক্টোবর ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ পরিদর্শক মো. শাহ-আলম রূপসা নদী পার শহরের বাসায় ফিরছিলেন। তিনি খুলনা জেলা পুলিশে কর্মরত। ছিনতাইকারীরা তার ২টি মোবাইল সেট ও কিছু টাকা নিয়ে গেছে। ছিনতাইকারীদের ছুরির আঘাতে তার ২ হাত ও পায়ে ক্ষত তৈরী হয়েছে। হাতের কব্জির আঘাত গুরুতর বলে জানিয়েছে পুলিশ। 

খুলনা জেলা পুলিশ সুপার ওমর ফারুক জানান, রূপসা নদীর ওপাড়ে অভিযান পরিচালনা শেষে মহানগরীর শান্তিধাম মোড়ের পুলিশ ক্লাবে ফিরছিলেন। পথে কলেজিয়েট স্কুল অতিক্রম করার পর পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের হামলার শিকার হন। হামলায় তার হাত ও পায়ে আঘাত লাগে। ছিনতাইকারীরা তার কাছ থেকে ২টি মোবাইল সেট ও কিছু টাকা নিয়ে গেছে। এগুলো উদ্ধার ও ছিনতাইকারী গ্রেপ্তারে কেএমপি পুলিশের সহায়তায় অভিযান চালানো হচ্ছে। 

খুলনা সদর থানার এএসআই শাহিনুজ্জামান বলেন, ‘‘রাতে রূপসা নদী পার হয়ে তিনি রিকশায় চেপে কলেজিয়েট স্কুল অতিক্রম করেন। এখানে ছিনতাইকারীরা তার পথরোধ করে। মোবাইল ছিনিয়ে নেয়ার সময় বাঁধা দিলে ছুরি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। পরে আহত অবস্থায় তিনি রিকশায় চেপে পুলিশ হাসপাতালে যান। সেখান থেকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে সকালে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’’ 

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লোকমান হোসেন জানান, ঘটনার পর রাতেই ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। 

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, ‘‘রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পরেন জেলা পুলিশের পরিদর্শক শাহ আলম। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার পরিবার ঢাকায় থাকে।