ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চর চারতলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের কেছকির বাড়ি ও আক্কার বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাত ১০টার দিকে দেড় বছর আগের একটি চুরির ঘটনা নিয়ে আক্কার বাড়ির কবির ও কেছকির বাড়ির আল-আমিনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।
এর জেরে দুই বাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় টর্চলাইট জ্বালিয়ে একে অপরকে ধাওয়া করার পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। এতে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, “পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তী সহিংসতা এড়াতে ওই গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”