পুশ ইনের চেষ্টায় ব্যর্থ হয়ে ৪ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ 

কুষ্টিয়া ব্যাটালিয়নের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ফের অবৈধ পুশ ইনের চেষ্টা করা হয়েছে। তবে সেই চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। 

পরে, সীমান্তের ১০৪ নম্বর গেট দিয়ে বিজয় মাঠপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা সেই ৪ জন নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। 

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজিবি অধিনায়ক জানান, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৪/৪-এস এর নিকট প্রতিপক্ষ ১১ ব্যাটালিয়ন বিএসএফ-এর বিজয় মাঠপাড়া ক্যাম্প কর্তৃক ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করা হয়। 

গোয়েন্দা তথ্য ও সীমান্তে নিয়োজিত টহল দলের সতর্ক অবস্থানের ফলে বিষয়টি দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। তাৎক্ষণিকভাবে শেওড়াতলা বিওপির বিজিবি টহল দল স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিএসএফ এর অবৈধ পুশ ইন প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করে। ফলে বিএসএফ এর এ ধরনের অনাকাঙ্ক্ষিত প্রচেষ্টা ব্যর্থ হয়। 

তিনি আরও জানান, ঘটনার পর বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ এর এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি বিষয়টি নিয়ে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি প্রেরণের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে। 

এছাড়াও, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ভবিষ্যতে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইন প্রচেষ্টা প্রতিহত করার লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে।