কুষ্টিয়ার কুমারখালীতে একটি সার্বজনীন পূজা মণ্ডপে তিনটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে স্থানীয়রা মন্দিরে গিয়ে দেখতে পান লক্ষ্মী, গনেশ ও দুর্গার বাহন সিংহের মূর্তির কিছু অংশ ভাঙা। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) গভীর রাতে কোনো একসময় কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচড়া মাঠপাড়া এলাকার খয়েরচড়া সার্বজনীন মাতৃমন্দিরে এ ঘটনা ঘটে।
এদিকে, ঘটনার পর মন্দিরটি পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আফজাল হোসেন। এ সময় তিনি প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
এ বিষয়ে কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে।
তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।



