প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। 

শনিবার (১০ অক্টোবর) সকালে প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ করতে দেখা গেছে সারাদেশ থেকে আসা চাকরিপ্রত্যাশীদের। 

এ নিয়ে রাজধানীর মতিঝিল বালিকা উচ্চবিদ্যালয়, কলোনি উচ্চবিদ্যালয়, বালক উচ্চবিদ্যালয় ও বাংলা কলেজ খিলগাঁও মডেল কলেজ, শাপলা চত্বর কেন্দ্র ঘুরে পরীক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়।

জানা গেছে, বেলা ১১টায় পরীক্ষা শুরুর কথা ছিল। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে পড়ায় সব কেন্দ্রের পরীক্ষা স্থগিত করে অধিদপ্তর। 

বিক্ষোভকারীদের অভিযোগ, পরীক্ষা স্থগিত হওয়ায় তারা চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এ পরিস্থিতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলেও দাবি করেন তারা।

এ নিয়োগ পরীক্ষায় ২৪২টি পদের বিপরীতে অংশ নেওয়ার কথা ছিল সারা দেশ থেকে আসা তিন লাখেরও বেশি প্রার্থীর। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়।