নানা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের কেশবপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সাজিদ মাহমুদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

রবিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। 

পানিতে ডুবে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার কামরুল ইসলাম। 

পরিবার সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে শিশু সাজিদ মাহমুদ গত শুক্রবার উপজেলার বিষ্ণুপুর গ্রামে নানা মোখলেছুর রহমানের বাড়িতে বেড়াতে আসে। রবিবার সকালে সাজিদ খেলাধুলার ফাঁকে চোখের আড়ালে চলে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরে, দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, পরিবারের একমাত্র ছেলের মৃত্যুর ঘটনায় পরিবারসহ স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। 

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, ‘‘মৃত অবস্থায় ওই শিশুটিকে বেলা ১১টার দিকে হাসপাতালে আনা হয়।’’