দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন আবারো নামঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১১ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান ও মিজানুর রহমানসহ কয়েকজন আইনজীবী এমপি গাজী নজরুলের জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে এ জামিন আবেদনের তীব্র বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে, গত ৩০ সেপ্টেম্বর সংসদ সদস্য নজরুলের প্রথম স্ত্রী মাকসুদার জামিন আবেদন মঞ্জুর করেছিলেন ঢাকার একটি আদালত।
ঘটনার বিবরণী বলছে, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই ওই রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ।
পরে, একই রাতে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন।